পরিবর্তন অস্বাভাবিক নয়, কিন্তু সেই পরিবর্তন যদি যন্ত্রণা ও ভোগান্তি বাড়ায়, তাহলে তা কোনোভাবেই কাঙ্ক্ষিত হওয়ার কথা নয়। অধিকাংশ নাগরিকের জন্য রাজধানী ঢাকাকে একটি যন্ত্রণা আর ভোগান্তির নগরে পরিণত করা হয়েছে। বসবাসের জায়গা, যোগাযোগব্যবস্থা, কর্মস্থল, ব্যবসা–বাণিজ্যের স্থান, শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যব্যবস্থা, খেলাধুলা, চিত্তবিনোদন ও পরিবেশ—সবকিছুতেই ভোগান্তি।
অল্পসংখ্যক বিত্তবান শ্রেণির লোকজন ছাড়া সাধারণ মানুষের জন্য এই নগরে বসবাস অত্যন্ত কঠিন। এই কঠিনকে সহজ করাই আমাদের উন্নতির মূলমন্ত্র হওয়া উচিত। একটি সুষম নগর–পরিকল্পনা এবং এর পরিচালনব্যবস্থা প্রবর্তনই আমাদের লক্ষ্য হওয়া উচিত। যন্ত্রণা থেকে আনন্দে যাওয়াই আমাদের কর্মকাণ্ডের উদ্দেশ্য হওয়া উচিত। এই উদ্দেশ্য মাথায় রেখেই আমি ২০৩৫ সালের ঢাকা নিয়ে কল্পনা করেছি।