রাজধানীর আসাদগেট, আদাবর, মহাখালী ও তেজগাঁও শিল্পাঞ্চলে গতকাল মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের পেছন থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। একই রাতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানার সামনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়েছে।
গতকাল রাত সোয়া আটটার দিকে জাতীয় সংসদ ভবনের ১ নম্বর গেটসংলগ্ন আসাদগেটের মেসার্স তালুকদার ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে এসে দুজন এই ফিলিং স্টেশনের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কেউ হতাহত হননি। কাউকে আটকও করা যায়নি।