কক্সবাজারের টেকনাফে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ পৌরসভার আবহাওয়া অফিসের পশ্চিম পাশে গোদারবিল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মশালমিছিল বের করাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। সংঘর্ষে টেকনাফ মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর আলমের মাথায় আঘাত লাগে। তাঁর মাথায় একাধিক সেলাই দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় একটি গাড়ি ভাঙচুর করে যুবলীগের নেতা-কর্মীরা। রাত ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।