বিকেল গড়াতেই বাড়তে থাকে দর্শনার্থীদের ভিড়। রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে পাঁচ দিন ধরে চলা আর্ট ঢাকা ২০২৬-এর শেষ দিনেও ছিল এমন ব্যস্ততা। আয়োজকদের হিসাবে পাঁচ দিনে এ আয়োজনে এসেছেন সাত হাজারের বেশি দর্শনার্থী।
গতকাল মঙ্গলবার শেষ হয়েছে প্রথমবারের মতো আয়োজিত এই শিল্পমেলা। ৬ নভেম্বর শুরু হওয়া এ আয়োজনে অংশ নিয়েছিলেন ১৩০ জনের বেশি শিল্পী।
আর্ট ঢাকায় ঢুকেই দর্শনার্থীদের চোখে পড়ে স্থপতি রাশেদ চৌধুরীর নকশায় তৈরি অস্থায়ী স্থাপত্যকর্ম ‘দ্য প্যাভিলিয়ন’। পার্কিং স্পেসে তৈরি এই স্থাপনার ভাবনায় রয়েছে বাংলার স্থাপত্য ঐতিহ্য ও স্থানীয় নির্মাণ উপকরণের ব্যবহার। প্রাচীন স্থাপত্যের উপাদানকে সমকালীন নির্মাণচিন্তার সঙ্গে মিলিয়ে তৈরি হয়েছে স্থাপনাটি।