বিশ্বের অষ্টম জনবহুল দেশ আমাদের বাংলাদেশ, আয়তনে বিশ্বে ৯৩তম আর এশিয়ায় ২৬তম। ছোট আয়তনের এই দেশে বাস করে প্রায় ১৮ কোটি মানুষ। পৃথিবীর অন্যতম উচ্চ জনঘনত্বের এ দেশে জনসংখ্যার পরিমাণগত ও গুণগত উভয় ক্ষেত্র ও ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে উন্নয়নে সরকার ও সংশ্লিষ্ট অংশীজন সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করছে কি? আগামী এক দশকে বাংলাদেশের জনসংখ্যার গতিপ্রকৃতি কেমন হবে, তা ভাবনায় রেখে কার্যক্রম চলছে কি? জনসংখ্যার সঠিক গুণগত উপাত্তের দিকে দৃষ্টি দেওয়া হচ্ছে কি? জাতীয় জনসংখ্যা নীতি বাস্তবায়নে সংশ্লিষ্ট ২৮টি মন্ত্রণালয় যথাযথ ভূমিকা রাখছে কি?
বাংলাদেশের আগামী দশকের উন্নয়নযাত্রা নির্ধারণে জনসংখ্যা হবে একই সঙ্গে একটি বড় সম্ভাবনা এবং গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ। জনসংখ্যার আকার, বয়সকাঠামো, জন্মহার ও মৃত্যুহারের পরিবর্তন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন, নগরায়ণ, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তির পরিবর্তন ইত্যাদি বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিসহ টেকসই উন্নয়নের গতিপথকে গভীরভাবে প্রভাবিত করবে। বর্তমানে বাংলাদেশও বিশ্ব জনমিতিক পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, নগরায়ণ ও প্রযুক্তিগত রূপান্তরের এক মহাপ্রবণতার মধ্যে রয়েছে। ফলে আগামী দশকের মূল প্রশ্ন হবে: কত মানুষের দেশ হবে বাংলাদেশ? কীভাবে এই জনসংখ্যাকে দক্ষ, সুস্থ, উৎপাদনশীল ও মানবিক উন্নয়নের শক্তিতে রূপান্তর করা যাবে?