রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলোকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত নাশকতা হিসেবে দেখছে সরকার। এসব তৎপরতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাজনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলায় মাঠে সক্রিয় থাকবে ক্ষমতাসীন বিএনপি। এর অংশ হিসেবে আগামী ডিসেম্বর মাসজুড়ে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা মনে করছেন, শেখ হাসিনা বাস্তবে দেশে ফিরবেন না। তবে তাঁর দেশে ফেরার ঘোষণা সামনে রেখে অস্থিরতা সৃষ্টি এবং রাজনৈতিক সমঝোতার জন্য সরকারের ওপর চাপ তৈরির চেষ্টা চলছে। সরকারি সূত্রগুলোর দাবি, পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টির এই চেষ্টা নিয়ে সরকার খুব একটা বিচলিত নয়; তবে নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।