কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপ থেকে নির্গত গ্যাসের আগুন ১৫ দিনেও নেভেনি। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় ঘটনাস্থলের ২০০ বর্গমিটার এলাকায় ১৪৪ ধারা জারি রেখেছে উপজেলা প্রশাসন। এতে কয়েকটি গ্রামের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। আতঙ্ক ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন এলাকার বাসিন্দারা।
গত ২৭ অক্টোবর সকাল সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় নলকূপ খননের সময় আগুনের সূত্রপাত হয়। দীর্ঘদিন ধরে আগুন জ্বলতে থাকায় ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুত বা নতুন গ্যাসক্ষেত্র থাকার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।