বাংলার সাংস্কৃতিক পরিচয় কোনো একক ধর্ম, ভাষা বা ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সংস্কৃতির মিথস্ক্রিয়া, মানুষের বহুমাত্রিক পরিচয় ও মুক্তচিন্তার মধ্য দিয়েই এই ভূখণ্ডের সমাজ বিকশিত হয়েছে; কিন্তু কোনো একটি পরিচয়কে শ্রেষ্ঠ মনে করে অন্য পরিচয়কে হেয় করার মানসিকতা থেকেই সামাজিক বিভাজন ও সংঘাত তৈরি হয়। তাই বাংলাদেশের বর্তমান আত্মপরিচয়ের সংকট বুঝতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেনের বহুত্ববাদী চিন্তা অত্যন্ত প্রাসঙ্গিক।
অমর্ত্য সেনের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। মঙ্গলবার এ সভার আয়োজন করে ‘বাঙলার পাঠশালা ফাউন্ডেশন’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তরের সাবেক পরিচালক সেলিম জাহান। সভায় প্রবন্ধ উপস্থাপন করেন সাংবাদিক প্রতীক বর্ধন, নাট্যকর্মী শহিদুল মামুন এবং বাঙলার পাঠশালার প্রতিষ্ঠাতা ও সভাপতি আহমেদ জাভেদ।