ঢোলবাদনের সঙ্গে রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে বিকেলে জাতীয় নাট্যশালার চত্বরে এ উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়।
হৃদয় ছুঁয়ে যাওয়া লোকগান, নৃত্যের ছন্দ। এর সঙ্গে বাউল শিল্পীর সম্মাননা ও আলোচনা। সব মিলিয়ে ভাটিবাংলার লোকসংগীতের মনমাতানো উৎসব হলো গতকাল সোমবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে। আলোচনা পর্বে বক্তারা বললেন, বাউল গান না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না। ভাটিয়ালি-ভাওয়াইয়া না বাঁচলে বাংলা সংস্কৃতি বাঁচবে না। যারা বাউলদের ওপর, বাংলার লোকসংগীতের ওপর আঘাত হানছে, তারা এই দেশ ও সংস্কৃতির শত্রু। তাদের প্রতিহত করতে হবে।
ঢোলবাদনের সঙ্গে রঙিন বেলুনগুচ্ছ উড়িয়ে গতকাল বিকেলে জাতীয় নাট্যশালা চত্বরে ভাটিবাংলার লোকসংগীত উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্র। উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার বাউল শিল্পী, সুরকার ও গীতিকার মো. হারুণ মিয়া। উৎসবে তাঁকে সম্মাননা জানান হয়। উৎসবটি উৎসর্গ করা হয় সম্প্রতি প্রয়াত রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের অন্যতম পৃষ্ঠপোষক সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরীর স্মৃতির প্রতি।