মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি নিয়ে হামলার ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে আসছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাঁকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় হাসিবুল অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়া থেকে হামলাকারীর হাতে চাপাতি থাকার ইঙ্গিত পাওয়া যায়।