কোথাও ছাই হয়ে পড়ে আছে ধর্মীয় কিতাবের পৃষ্ঠা, কোথাও আগুনে ঝলসে যাওয়া আসবাবপত্র। পুড়ে যাওয়া বইয়ের অবশিষ্টাংশ খুঁজে এক জায়গায় জড়ো করছেন শিক্ষার্থীরা। যে লাইব্রেরিতে এত দিন জ্ঞান অর্জনের জন্য তাঁদের আনাগোনা ছিল, রাতের আগুনে সেটি এখন ধ্বংসস্তূপ।
নারায়ণগঞ্জের ফতুল্লার শান্তিধারা আবাসিক এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার দোতলার লাইব্রেরিতে গিয়ে আজ মঙ্গলবার সকালে এমন দৃশ্য চোখে পড়ে। আগুনে কক্ষটির প্রায় সবকিছু পুড়ে গেছে। লাইব্রেরির পাশের ইফতা বিভাগের কক্ষটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনের বাইরের দেয়ালে আগুনে পোড়া কালো দাগ। ঘটনাস্থলে ভিড় করেছেন আশপাশের মানুষ।