২০২০ সালে খয়রা শিকরে প্যাঁচা অনেক খুঁজেও পাচ্ছিলাম না। সম্ভাব্য গাছগাছালিতে অনেক দিন খুঁজেছি। একসময় যখন হাল ছেড়ে দিয়েছি, তখনি নাটকীয়ভাবে পাখিটির দেখা মিলল। খয়রা শিকরে প্যাঁচা প্রথম দেখার এবং প্রথম ছবি তোলার একটি দারুণ গল্প আছে।
২০২১ সালের মার্চ মাসের কথা। ওই দিন সকাল ১০টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে দাঁড়িয়ে একজনের জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় অচেনা দুই শিশু আমাকে উদ্দেশ করে বলতে থাকে, ‘আংকেল আমাদের সাথে আসেন।’ আমি কিছু বুঝে ওঠার আগেই তারা আমার হাত ধরে ক্যাম্পাসের বকুল রোডে একটি বকুলগাছের তলায় নিয়ে যায়। শিশু দুটির পায়ে স্যান্ডেল নেই, গায়ে টি–শার্ট। শিশু দুটিকে আগে কখনো দেখিনি।