মাদারীপুরের রাজৈর উপজেলার অনেক পরিবারের কোনো না কোনো সদস্য ইতালিতে থাকেন। এসব পরিবারের বেশির ভাগ ছেলে এসএসসি পাসের পর থেকেই ইতালি যাওয়ার বিষয়ে আগ্রহী হয়ে ওঠে। যে কারণে কলেজে ভর্তির পর নিয়মিত পড়াশোনার ব্যাপারে তারা তেমন মনোযোগী থাকে না। এর প্রভাব পড়ে এইচএসসির ফলাফলে।
রাজৈর উপজেলার সাতটি কলেজের কোনোটি থেকে এবার জিপিএ-৫ পাননি কোনো শিক্ষার্থী। এর মধ্যে তিনটি সরকারি কলেজ। সরকারি কলেজগুলোতেও পাসের হার কমেছে। বিশেষ করে রাজৈর সরকারি ডিগ্রি কলেজে পাসের হার মাত্র ২৫ দশমিক ২৭ শতাংশ।