বাড়ি মেরামতের জন্য বালু কিনেছিলেন পিরোজপুর সদর উপজেলার ঝাউতলার বাসিন্দা শাহে আলম। বালু বাড়িতে নেওয়ার জন্য ভ্যানও ভাড়া করেছিলেন। বিপত্তি ঘটল ঝাউতলা সেতুতে আসার পর। ভাঙাচোরা এই সেতু দিয়ে ভ্যান চলাচলের উপায় নেই। সেতুর সামনে ভ্যান থেকে প্রথমে বালুর বস্তাগুলো নামানো হয়। এরপর শ্রমিক ডেকে প্রতিটি বস্তা অন্য পাশে নিতে হয়েছিল তাঁকে।
গত ৩০ অক্টোবর পিরোজপুর সদর উপজেলার ঝাউতলা বাজার এলাকায় কথা হয় শাহে আলমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘কী আর করমু, আমাগো দুর্ভোগের শ্যাষ নাই। এইভাবে সব মালামাল নেওন যে কত কষ্টের, হেইডা আমরাই বুঝি।’