চট্টগ্রাম নগরের দুই এলাকায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দিবাগত রাত এবং আজ মঙ্গলবার ভোরে এই আগুন দেওয়া হয়। তবে ওই সময় বাসে কোনো যাত্রী বা চালক ছিলেন না।
ফায়ার সার্ভিসের চট্টগ্রাম নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, সোমবার দিবাগত রাত পৌনে চারটায় নগরের নিউ মনসুরাবাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
মঙ্গলবার ভোর পাঁচটায় নগরের সাগরিকার শফি মোটরস এলাকায় আরেকটি বাসেও আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। পুড়ে যাওয়া দুটি বাসই নিহাল এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের।