চাঁদার টাকা না দেওয়ায় এজেআর কুরিয়ারের গুদাম, কার্যালয় ও পণ্যবাহী গাড়িতে একের পর এক হামলা হচ্ছে। আতঙ্কে প্রতিষ্ঠানটির পাঁচ হাজার কর্মী।
‘আমরা ক্যাপ্টেন ইমনের লোক, এই জায়গার ভাড়া আমাদের দিবি, এটা আমরা নিব’ বলে প্রকাশ্যে হুমকি ও হামলার পর থেকে এজেআর কুরিয়ার সার্ভিসকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। একের পর এক হামলার শিকার ব্যবসাপ্রতিষ্ঠানটি। গত ২৩ দিনে অন্তত ১৫ বার নারায়ণগঞ্জ ও রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটির গুদাম, শাখা কার্যালয় এবং পণ্যবাহী গাড়িতে হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন অন্তত ৬ কর্মী। তাঁদের একজনের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এসব ঘটনায় তিনটি সাধারণ ডায়েরি (জিডি) ও পাঁচটি মামলার করেছে প্রতিষ্ঠানটি।