পাহাড়ের পাশে ধানের খেত। কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ, কোথাও আবার ধানের শিষে লেগেছে সোনালি আভা। বাতাসে দুলছে শিষ। দূর থেকে মনে হয়, সবুজ পাহাড়ের কোলে কেউ যেন নকশিকাঁথা বিছিয়ে রেখেছে।
এমন মনকাড়া দৃশ্যে চোখ জুড়ালেও কৃষকের মনে স্বস্তি নেই। কারণ, ধান পাকলেই পাহাড় থেকে নেমে আসে বন্য হাতির দল। মুহূর্তে তছনছ করে দিতে পারে সারা বছরের পরিশ্রম।
শেরপুরের গারো পাহাড়সংলগ্ন সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখন আমন ধানের সমারোহ। কৃষকদের আশা, আর কয়েক সপ্তাহ পরই মাঠে ধান কাটা শুরু হবে। তার আগে ফসল ঘরে তোলা নিয়ে তাঁদের দুশ্চিন্তা।