শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ঢোল বাজিয়ে, মৃদঙ্গ বাজিয়ে সংবর্ধনা দিয়ে বরণ করা হবে, এমনটা কারা ভাবছে, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরবেন এবং তাঁকে সংবর্ধনা দেওয়া হবে, এমন ধারণা যাঁদের মধ্যে রয়েছে, তাঁরা বাংলাদেশের মানুষের মনোভাব বোঝেন না।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রুহুল কবির রিজভী। আজ সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।