দফায় দফায় দাম বাড়ানো হলেও বাজারে নির্ধারিত দামে পাওয়া যাচ্ছে না তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)। বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ২ হাজার ৬০ টাকা। তবে বাজারে তা এখনো ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক হয়নি বলেও অভিযোগ রয়েছে।
এমন পরিস্থিতিতে এলপিজি আমদানিকারকদের সংগঠন এলপিজি অপারেটরস অব বাংলাদেশের (লোয়াব) প্রতিনিধিদের সঙ্গে সোমবার বৈঠক করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে এলপিজি আমদানি বাড়ানো নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।