রাজধানীর মিরপুর সাড়ে ১১ নম্বর সেকশন ডাকঘর এলাকায় বসুমতি নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার রাত সাড়ে ৯টার দিকে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়া হয়।
পল্লবী থানা পুলিশ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে ফার্মগেটে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া তিন স্থানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়েছে। সোমবার সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যানুযায়ী, গত দুই দিনে (গত শনিবার থেকে রোববার রাত) রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি স্থানে ককটেল বিস্ফোরিত হয়েছে। এ সময় তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এসব ঘটনায় গত তিন দিনে অন্তত ২০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি।