বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও বিপুল তরুণ জনগোষ্ঠীর দেশে কর্মসংস্থান, বিশেষ করে তরুণদের কর্মসংস্থানের চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক আর নেই। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছিল সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলন থেকে। কর্মসংস্থানের প্রশ্নে আন্দোলনের সূচনা কাকতালীয় ছিল না। যে অর্থনীতিতে নিরাপদ ও শোভন কাজের সুযোগ খুবই কম, সেখানে সরকারি চাকরিই হয়ে উঠেছিল নিরাপত্তা ও সামাজিক মর্যাদা অর্জনের অন্যতম নির্ভরযোগ্য পথ। দুই বছর পর কর্মসংস্থানের প্রশ্নটি আরও তীব্র হয়ে উঠেছে।
বিশ্বব্যাংকের হিসাবে, বাংলাদেশে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে ১ কোটি ৪০ লাখ তরুণ কর্মক্ষম বয়সে পৌঁছালেও নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে মাত্র ৮৭ লাখ। যাঁরা কাজ পেয়েছেন, তাঁদের প্রায় ৭০ শতাংশই যুক্ত হয়েছেন স্বল্প উৎপাদনশীল কৃষিতে। সরকারি পরিসংখ্যানে মোটাদাগে ১৫-২৯ বছর বয়সী জেন-জি প্রজন্ম দেশের মোট শ্রমশক্তির প্রায় এক-তৃতীয়াংশ। পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির সরকারি অঙ্গীকার কার্যত জেন-জির প্রতি অঙ্গীকার। তবে বড় প্রশ্ন হলো, কেমন হবে সেই কর্মসংস্থান?