সকাল থেকেই রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারের প্লাজায় কর্মীদের ভিড়। কেউ এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে বই দেখছিলেন, কেউ আবার পছন্দের বই বাছাই করছিলেন। আবার কয়েক জনকে দেখা গেল পছন্দের বইয়ের তালিকা করছেন, কেনার পরিকল্পনা আগামীকাল। সব মিলিয়ে ব্র্যাক কর্মীদের জন্য আয়োজিত এই বইমেলায় ছিল উৎসবের আমেজ।
ব্র্যাক ও প্রথমা প্রকাশনের যৌথ আয়োজনে আজ সোমবার (৯ নভেম্বর) শুরু হয়েছে তিন দিনব্যাপী এ বইমেলা। মেলা চলবে ১১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এখান থেকে ব্র্যাকের কর্মীরা বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ পাচ্ছেন।