‘তোমার ঘরে কখনো তিন শ প্রজাপতি ঢুকে পড়লে কী করবে তুমি?’ কিংবা ‘একটা নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ সমুদ্র পেয়ে গেলে?’ ঠিক বোঝা যায় না এমন সহজ প্রশ্ন আজকের শিশুদের করা যায় কি না। কল্পনার দরজা অনেকটাই বন্ধ। আবার আরেক দিকে প্রযুক্তির উপস্থিতিতে তাদের অনেক কল্পনা অর্থকরী হয়ে গেছে। শিশুদের কি আর এমনি এমনি ‘কেবল কল্পনা করা’ বা ‘কিছুই না করা’র দিন আছে?
শিশুর শৈশব আর কিশোরের কৈশোর এখন দিনরাত মুঠোফোনের পর্দায় বন্দী। এই তো কয়েক বছর আগে কোভিডের সময়ে ফোনটাই তাদের স্কুলে পরিণত হলো। তারপর কোভিড তো গেল, কিন্তু ফেলে গেল ফোনের পর্দার ওপরে বিরামহীন নির্ভরতা। অনেক ক্ষেত্রে হারিয়ে গেল দিন–রাতের হিসাব। এর পর থেকে বহু শিশু–কিশোরের সারা রাত কাটে হাতের ফোনে, আর তারপর বেলা অবধি ঘুমে। দিনের যে সময়ে তাদের ঘুরে ঘুরে মানুষের বিচিত্রতা দেখার কথা, তখন সে থাকে সারা পৃথিবীর তথ্যভান্ডারের চাপে ভারাক্রান্ত। তা ছাড়া এই বিপৎসংকুল পৃথিবীতে সে একা একা ঘুরেফিরে মানুষ দেখবেই–বা কী করে! বাড়ি থেকে একা বেরোনোর অনুমতি বা সুযোগ নেই, উচিতও নয়। অনিশ্চিত ভবিষ্যতের কথা জেনে অভিভাবক বা পরিবার জানালায় গ্রিল আর দরজায় খিল লাগিয়ে নিজেদের জন্য যে খাঁচা রচনা করেছেন, তার ভেতরে একটা আস্ত শৈশব-কৈশোর নিয়ে সে আটকা পড়ে। ঘরের ভেতরে তাই ফিরে ফিরে তার জন্য একমাত্র বিনোদন হাতের নাগালে থাকা ফোনটি।