সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দুই সাংবাদিক। তাঁদের দাবি, রোগীর স্বজনদের মারধরের দৃশ্য ধারণ করতে গেলে ইন্টার্ন চিকিৎসক ও মেডিক্যাল শিক্ষার্থীরা তাঁদের ওপর হামলা চালান। এ সময় দুই রোগীর স্বজনদেরও মারধর করা হয়।
গতকাল বুধবার রাত ১০টার দিকে হাসপাতালের পঞ্চম তলায় অস্ত্রোপচার কক্ষের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী দুই সাংবাদিক হলেন সিলেটভিউ২৪ ডটকমের প্রতিবেদক নিবেন্দু তালুকদার ও শ্যামল সিলেটের আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল। তাঁদের অভিযোগ, হামলার পর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও কর্মবিরতির অজুহাতে তাঁদের ভর্তি নেওয়া হয়নি। পরে একটি বেসরকারি হাসপাতালে তাঁরা চিকিৎসা নিয়েছেন।