গত ১৯ সেপ্টেম্বর কিশোরী তমা আক্তারের হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়। বাবা–মা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এরপর ১৩ অক্টোবর তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে। তমার কিডনি জটিলতা শনাক্ত হয়েছে। তার রক্তে ক্রিয়েটিনিন স্বাভাবিক মাত্রার চেয়ে ২২ গুণ বেশি। গত রোববার থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি রেখে ডায়ালাইসিস শুরু হয়েছে।
গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের আইসিইউর সামনে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করতে দেখা যায় তমার মা লিপি আক্তারকে। তাঁদের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নে। তিনি জানান, চার সন্তানের মধ্যে তমা সবার বড়। বাকি সন্তানদের নানির কাছে রেখে তিনি ও তাঁর স্বামী হাসপাতালে এসেছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তমাকে ৩১০ নম্বর ওয়ার্ড থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তাঁরা হাসপাতালের সিঁড়ির নিচে পাটি পেতে থাকছেন। তাঁর সঙ্গে কথা বলার সময় তমার বাবা তরফ আলী আসেন হাতে রক্ত পরীক্ষার ৩৫০ টাকার একটি স্লিপ নিয়ে। এর আগে সকালে ৪০০ টাকার আরেকটি পরীক্ষা করিয়েছেন। পেশায় রংমিস্ত্রি বাবা জানান, সাহায্য নিয়ে, ঋণ করে, জমি বিক্রির টাকা থেকে এক মাসে মেয়ের জন্য ৭২ হাজার টাকা খরচ করেছেন। মেয়ের সুস্থতা ছাড়া আর কিছু ভাবতে পারছেন না তিনি।