নতুন শাড়ি–গয়না পরে ঠাকুরগাঁও–১ আসনের উপনির্বাচনে ভোট দিতে এসেছেন জবা রানী (১৯)। দুই মাস আগে বিয়ে হয়েছে তাঁর। এবারের নির্বাচনই জীবনের প্রথম ভোট তাঁর। দিনটিকে স্মরণীয় করে রাখতে সেজেছেন। জবা রানী প্রথম আলোকে বলেন, ‘প্রথম ভোটের অনুভূতিটাই অন্য রকম। এই দিনটাকে স্মরণীয় করে রাখতে একটু সেজে এসেছি।’
ঠাকুরগাঁও সদর উপজেলার দক্ষিণ বঠিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজ সকাল ১০টার দিকে ভোট দেন গৃহবধূ জবা রানী। ওই সময় কেন্দ্রটিতে নারীদের লাইনে দীর্ঘ সারি দেখা যায়। সারি এঁকেবেঁকে কেন্দ্রের ফটক পর্যন্ত চলে গেছে। তবে পুরুষদের লাইনে তুলনামূলকভাবে ভিড় কম ছিল।