দলীয় বিবেচনায় নিয়োগের অভিযোগে ২০০৭ সালে চূড়ান্ত নিয়োগ বাতিল হয়েছিল তাঁদের। এরপর দীর্ঘ আইনি প্রক্রিয়া ও নানা প্রতিকূলতা পেরিয়ে প্রায় দুই দশক পর পুলিশের চাকরিতে যোগদানের সুযোগ পেয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট উপপরিদর্শক (এসআই) ২০০৬ ব্যাচের একাংশের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।