কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের আদলে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। এরপর সেখানে প্রকাশ করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি। নেওয়া হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। জারি করা হয় চূড়ান্ত নিয়োগের ভুয়া অফিস আদেশও। এভাবে চাকরি দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। চক্রটির মূল হোতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মো. আবদুস সালাম (৪৪)। আজ বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর আইডিয়াল মোড়ের শান্তিধারা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট।