পাশাপাশি খোঁড়া হয় চারটি কবর। দুটি বড়, দুটি ছোট। জানাজা শেষে মরদেহগুলো দাফন হয় পাশাপাশি এই চার কবরে।
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মারা যান যশোরের মনিরামপুর উপজেলার মোহনপুর গ্রামের একই পরিবারের এই চারজন। ১১ দিন পর গতকাল বুধবার ভোরে তাঁদের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
নিহত ব্যক্তিরা হলেন নাহিদুর রহমান (৪১), তাঁর স্ত্রী আফসানা মতিন (৩৬) এবং তাঁদের দুই মেয়ে রুজাইনা ইনায়া (৬) ও সুনাইনা ইহানা (৩)। উপজেলার বাঁধাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে গতকাল বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের মরদেহ পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়।