চিকিৎসার খরচ মেটাতে গিয়ে দেশের প্রায় ৪২ শতাংশ মানুষ আর্থিক চাপে পড়ছে। শুধু ২০২২ সালেই এই ব্যয়ের কারণে ৭২ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের এক গবেষণায় এ চিত্র উঠে এসেছে। এতে দেখা গেছে, চিকিৎসা ব্যয়ের চাপ সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র মানুষের ওপর, আর নিজের পকেট থেকে খরচের বড় অংশই যাচ্ছে ওষুধ কিনতে।
স্বাস্থ্য অর্থনীতি ইউনিটকে এই গবেষণায় সহায়তা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সুইডিশ দূতাবাস। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এই গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা ২০০৫, ২০১০, ২০১৬ ও ২০২২ সালের খানা আয়–ব্যয় জরিপের তথ্য এই গবেষণায় ব্যবহার করা হয়েছে। এই গবেষণার উদ্দেশ্য ছিল, স্বাস্থ্যসেবা নিতে গিয়ে মানুষ নিজের পকেট থেকে কী পরিমাণ ব্যয় করে, মানুষ চিকিৎসার কোন খাতে ব্যয় করে, এই ব্যয়ের প্রভাব মানুষের ওপর কতটা পড়ে—এসব দিক তুলে ধরা।