ফেনীর ছাগলনাইয়ায় গভীর রাতে বাসায় ঢুকে এক নারী ও তাঁর দুই শিশুকন্যাকে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। ডাকাতেরা ওই বাসার স্বর্ণালংকার, টাকা ও মুঠোফোন লুট করেছে।
গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার পৌরসভার আলাবক্স মজুমদার বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন যুবককে গতকাল রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আজ বুধবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন মো. শাহীন (২৩), আতিকুল ইসলাম (২৭) ও বশির আহমেদ (২৬)। তাঁদের মধ্যে শাহীন শেরপুর জেলার গোজাখরা গ্রামের ফজল হকের ছেলে, আতিকুল একই জেলার খরখড়িয়াকান্দা গ্রামের মো. সোহরাব আলীর ছেলে ও বশির আহমেদ ফেনী সদর উপজেলার সুন্দরপুর গ্রামের মোমিনুল হকের ছেলে।