বাংলাদেশ পুলিশে ৪ হাজার উপপরিদর্শককে (এসআই) সরাসরি নিয়োগ দেবে সরকার। বুধবার দুপুরে সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। এসআই পদে সরাসরি এই নিয়োগ দিতে পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে।
পুলিশ প্রবিধান অনুযায়ী, এত দিন পুলিশের এসআই পদের ৫০ শতাংশ পূরণ করা হতো বিভাগীয় পদোন্নতির মাধ্যমে। বাকি ৫০ শতাংশ পদে সরাসরি নিয়োগ দেওয়া হতো। নিয়ম অনুযায়ী এবারও এই চার হাজার এসআই পদের মধ্য থেকে ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে দেওয়ার কথা ছিল। কিন্তু এবার তা হচ্ছে না। এবারই প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই সরাসরি নিয়োগ দেওয়া হচ্ছে।