মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির শপথ নেওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনের আগের দিন পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থী। আজ বুধবার বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী পৃথক সংবাদ সম্মেলনে একে অপরের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানো, প্রভাব বিস্তারসহ নানা অভিযোগ করেন। দুই পক্ষই অভিযোগ অস্বীকার করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। মোট ১৮৫টি ভোটকেন্দ্রে থাকা ৯৮৯টি ভোটকক্ষে ভোট দিতে পারবেন ভোটাররা।