উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মেট্রোরেলে উঠলেন পঞ্চাশোর্ধ্ব এক নারী। সময়টা বুধবার দুপুরবেলা। বগিতে বসার কোনো জায়গা ফাঁকা ছিল না। বাধ্য হয়ে তাঁকে দাঁড়িয়েই পুরো পথ যেতে হলো। অথচ তাঁর পাশেই ছিল বয়স্ক ব্যক্তি, অন্তঃসত্ত্বা নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত ছয়টি আসন। এসব জায়গায় বসেছিলেন তরুণ ও মধ্যবয়সী পুরুষ যাত্রীরা। ট্রেন চলতে শুরু করার পর পরের স্টেশনগুলো থেকে ভিড় বাড়তে থাকল। ট্রেনের স্পিকারে বয়স্ক ব্যক্তি ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের বসার জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশনা বাজল কয়েকবার। কিন্তু সেখানে বসে থাকা যাত্রীদের কেউ ওই নারীকে জায়গা ছেড়ে দিলেন না।