প্রকাশ্য দিবালোকে এক ব্যক্তিকে ঘিরে লগি-বইঠা দিয়ে পেটাচ্ছেন কয়েকজন। নিথর দেহের ওপর উঠে লাফালাফির দৃশ্যও ছড়িয়ে পড়ে। চারদিকে গুলি, বোমার বিস্ফোরণ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ। রাজধানীর পল্টন ও বায়তুল মোকাররম এলাকা পরিণত হয়েছিল রণক্ষেত্রে। রাজনৈতিক সহিংসতার এমন ভয়াবহ দৃশ্য স্তম্ভিত করেছিল দেশকে।
দিনটি ছিল ২০০৬ সালের ২৮ অক্টোবর। কেবল ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানে সেদিন রাজনৈতিক সংঘাত ছড়িয়ে পড়ে। এ ঘটনার আগের দিন বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের পাঁচ বছরের মেয়াদ শেষ হয়েছিল। পরবর্তী জাতীয় নির্বাচন পরিচালনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে কেন্দ্র করে তখন তীব্র রাজনৈতিক সংকট চলছিল।