National
মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, বসতঘরে আগুন, ভাঙচুর ও লুটপাট
মাদারীপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে অন্তত ৫টি ঘরে আগুন দেওয়ার পাশাপাশি প্রায় ৩০টি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার
লেখক প্রতিনিধি134K বার পড়া

মাদারীপুরে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে অন্তত ৫টি ঘরে আগুন দেওয়ার পাশাপাশি প্রায় ৩০টি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে বাহেরান্দী জামে মসজিদের কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মোশারফ ফকিরকে সভাপতি করা হলে আপত্তি জানান স্থানীয় বাচ্চু মোড়ল। নিজেকে সভাপতি দাবি করে তিনি বিরোধে জড়ান। এ নিয়ে বাচ্চু মোড়ল ও সাবেক ইউপি সদস্য এমদাদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় আজ সকালে বাচ্চু মোড়লের কর্মী-সমর্থকেরা শতাধিক লোক নিয়ে এমদাদ মাতুব্বরের সমর্থকদের বাড়িঘরে হামলা চালান বলে অভিযোগ ওঠে। প্রায় দুই ঘণ্টা ধরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চলে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সদর থানা-পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।



