ময়মনসিংহের ভালুকায় ফেসবুক লাইভে ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলে ক্ষোভ প্রকাশ করা নারী ব্যবসায়ী সাথী আক্তারের বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত হতে পারে। আজ তাঁকে আবার আদালতে হাজির করার তারিখ ধার্য আছে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ আদালতের পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান প্রথম আলোকে বলেন, সাথী আক্তারের পক্ষে গত সোমবার কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাজিদুল ইসলামের আদালতে শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। আগের আদেশ অনুযায়ী, আজ তাঁকে আদালতে হাজির করা হতে পারে।