রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে একজন বাসচালকের সহকারী (হেলপার) ও তিনজন যাত্রী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার ভোর পাঁচটার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন যাত্রী হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৪০), গোলাপি (৩৫) ও আলমগীর হোসেন (৪০)। তাঁরা ঢাকায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন। এ ছাড়া বাস চালকের নিহত সহকারীর নাম আপেল হোসেন। তাঁর বাড়ি লালমনিরহাট সদর উপজেলার সিন্দুর নদী গ্রামে।