পদ্মা নদীর বালুচর দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় কাকন বাহিনী ও কালু বাহিনীর সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চার ঘণ্টা কুষ্টিয়া সদর উপজেলা ও পাবনার ঈশ্বরদী উপজেলা–সংলগ্ন পদ্মা নদীতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি চলেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গোলাগুলির সময় পদ্মা নদীতে কুষ্টিয়া সদর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে অভিযান চলছিল। অভিযানে নৌ পুলিশসহ জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেটও ছিলেন। গোলাগুলির একটি ভিডিও আজ বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।