কারও শরীরের পুরোটাই ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লাস্টিকের নানা পণ্যে। কারও শরীরজুড়ে প্লাস্টিকের থালা। কেউবা আবার পরে আছেন নানা ইলেকট্রনিক বর্জ্য। এমন ১২ জন ‘বর্জ্যমানব’ দৌড়ঝাঁপ করছেন সমুদ্রসৈকতে। তাঁদের ঘিরে রয়েছেন নানা বয়সী পর্যটকেরা। কেউ ছবি তুলছেন, কেউ মুঠোফোনে করছেন ভিডিও ধারণ।
আজ বুধবার সকাল আটটার দিকে এমন চিত্র দেখা গেল কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্ট। ‘বর্জ্যমানব’ সেজে এভাবেই সাগরদূষণ নিয়ে পর্যটকদের সচেতন করা হয়। সাগর থেকে কুড়িয়ে আনা বর্জ্যে ‘বর্জ্যমানব’ সাজেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।