কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে সরকারি চাল ও ধানের মজুত এবং সংগ্রহের নথিতে অনিয়মের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকা মূল্যের সরকারি খাদ্যশস্য আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
দুদকের কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক মিজানুর রহমান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বছরের শুরুতে দুদকের একটি এনফোর্সমেন্ট দল খাদ্যগুদামে অভিযান চালায়। ওই অভিযানে পাওয়া অসংগতির চিত্র কমিশনকে জানানো হয়। এরপর কমিশনের অনুমতি সাপেক্ষে গতকাল মঙ্গলবার খাদ্যশস্য আত্মসাতের অভিযোগে ওই চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।