সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি উভয়ের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গে উল্লেখযোগ্য আঘাতের অস্তিত্ব নেই। এ হত্যাকাণ্ড পেশাদার খুনির অপরাধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভিকটিমদের (সাগর–রুনি) দেহে অনেকগুলো ক্ষত ছিল, যা অধিক রক্তক্ষরণের জন্য দায়ী। তবে প্রতীয়মান হয়, ভিকটিম মৃত্যুর পূর্বে অনেকক্ষণ ক্ষতসহ জীবিত ছিলেন। ঘাড়ে ও পিঠে, চোখের নিচে আঘাতের চিহ্ন ছিল। ক্রাইম সিন ও ভিকটিমদের ক্ষতের পরিমাণ দেখে বোঝা যায়, খুনিরা তাড়াহুড়া করেনি।
সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদনের বরাতে সাগর–রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদনের ‘বিশেষ পর্যবেক্ষণ’ অংশে—এমনটাই উল্লেখ করেছে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স। বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ মঙ্গলবার প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। তদন্তের জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ছয় মাস সময় দিয়েছেন। আগামী ২৯ এপ্রিল পরবর্তী আদেশের জন্য দিন রাখা হয়েছে।