গাজীপুর মহানগরের কুনা এলাকায় একটি বাসায় ঢুকে এক দম্পতিকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও থানায় এ ঘটনায় মামলা নেয়নি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
গত রোববার (২৫ অক্টোবর) দিবাগত মধ্যরাতে ওই হামলার ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফুয়াদ আলম ওরফে ফাহিম (২৭) ও তাঁর স্ত্রী নওরীন মহসীন (২১)।
মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এসে নিজেদের ওপর হামলা ও পুলিশের মামলা না নেওয়ার অভিযোগ তুলে ধরেন এই দম্পতি। ফুয়াদ আলম জানান, গাছা থানার কুনা এলাকায় তাঁদের পৈতৃক বাড়ি রয়েছে। মা-বাবা মারা যাওয়ার পর তিনি স্ত্রী ও দুই শিশুসন্তানকে নিয়ে চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করছেন। গত রোববার রাতে ১৫ থেকে ২০ জনের একদল দুর্বৃত্ত বাড়ির বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করে ভেতরে ঢোকে। হামলাকারীরা লাঠিসোঁটা ও চাপাতি নিয়ে ফুয়াদের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তাঁর ডান হাতে কোপ দেয়। এ সময় ফুয়াদকে বাঁচাতে গেলে তাঁর স্ত্রী নওরীন মহসীনকে শ্লীলতাহানি ও মারধর করে দুর্বৃত্তরা। এতে নওরীনের চোখে গুরুতর আঘাত লাগে। হামলাকারীরা তাঁদের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।