পিরোজপুর সদর থেকে প্রায় আট কিলোমিটার দূরে চিতলিয়া গ্রাম। এই গ্রামেই শনিবার গভীর রাতে ভয় ও আতঙ্কের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনেরা। তখন পুলিশ উপস্থিত ছিল।
গতকাল সোমবার দুপুর ১২টায় পিরোজপুর সদর উপজেলায় মানিক পশারীর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া গেল না। চারদিকে কেমন যেন নীরবতা। এই বাড়ি থেকে কিছুটা সামনে এগোলে মানিক পশারীর বোন হেনার (৪৮) বাড়ি। ডাকাডাকির পর তিনি বাড়ি থেকে বেরিয়ে আসেন। কিন্তু ভাইয়ের মৃত্যু ও দাফন নিয়ে কোনো কথা বলতে চান না। একপর্যায়ে কাঁদতে শুরু করেন তিনি।