সাভার থেকে বাসে সদরঘাট যাচ্ছিলেন মো. আজমল আলী। রাজধানীর শ্যামলী এলাকায় এসে বাসটি যানজটে পড়ে। আসাদগেট এলাকায় আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে তাঁর সঙ্গে কথা হয়। তিনি প্রথম আলোকে বলেন, ‘গাড়ি খুব ধীরে চলছে। ২ কিলোমিটার পথ আসতে ৪৫ মিনিট লেগেছে। সকাল সকাল এত জ্যাম হবে ভাবিনি। একটা বিড়ম্বনায় পড়লাম।’
আজ সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরসহ আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
খোঁজ নিয়ে জানা যায়, আজ যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে জিয়া উদ্যানে সংগঠনটির পূর্বঘোষিত কর্মসূচি আছে। কর্মসূচি পালনের জন্য সকাল থেকে যুবদলের নেতা–কর্মীরা মিছিল নিয়ে জিয়া উদ্যান এলাকায় জড়ো হচ্ছেন। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।