শেরপুরের শ্রীবরদীতে নিজস্ব জমি বা সামাজিক কবরস্থান না থাকায় বসতঘরের বারান্দায় দাফন করা হয়েছে আবদুল করিম (৬০) নামের এক বৃদ্ধকে। গতকাল সোমবার উপজেলার শালমারা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে আজ মঙ্গলবার তাঁকে পাশের এলাকার গণকবরস্থানে দাফনের কথা আছে।
আবদুল করিম শালমারা গ্রামের বাসিন্দা ও পেশায় কৃষক ছিলেন। তাঁর দুই মেয়ে ও এক ছেলে আছে। পরিবারের বসতভিটা ছাড়া আর কোনো জমিজমা নেই বলে জানিয়েছেন স্থানীয় একাধিক বাসিন্দা। অসুস্থতার কারণে গতকাল আবদুল করিমের মৃত্যু হয়।