এসএসসি পরীক্ষার পর রাজশাহী শহরের একটি কলেজে ভর্তির সুযোগ পেয়ে যে মেয়েটির চোখে স্বপ্নের আলো জ্বলে উঠেছিল, সেই আলো এখন ক্রমেই ম্লান হয়ে আসছে। অর্থের অভাবে তার বই কেনা হয়নি, শহরে থাকার মেসও ঠিক হয়নি। বাড়ি থেকে প্রতিদিন কলেজে যাতায়াত করাও সম্ভব নয়। এর মধ্যে আড়াই বছর ধরে কিডনি রোগে আক্রান্ত তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকেরা তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলেও টাকার অভাবে সেটি হয়নি।
রুকসানার পরিবার খুবই দীন। বসবাস করার মতো ভালো ঘরও নেই। স্কুলে থাকাকালীন তার কোনো বেতন নেওয়া হয়নি। এসএসসির ফরম পূরণের সময়ও তাকে সাহায্য করেছি।
মতিউর রহমান, প্রধান শিক্ষক, ধোপাপাড়া উচ্চবিদ্যালয়