সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথা বলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তাঁর বক্তব্যকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে বিপজ্জনক বার্তা হিসেবে দেখছে মানবাধিকার ও নাগরিক সংগঠনগুলো। বক্তব্য প্রত্যাহার, সরকারের ব্যাখ্যা এবং আইজিপির জবাবদিহি দাবি করেছে তারা। নিন্দা জানিয়েছে কয়েকটি রাজনৈতিক দলও।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদে আইনের আশ্রয়লাভ এবং জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার সুরক্ষিত। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী, জীবন রক্ষায় একান্ত অনিবার্য হলেই কেবল ইচ্ছাকৃত প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার গ্রহণযোগ্য। মানবাধিকার সংগঠনগুলোর বক্তব্য, অপরাধ দমনের নামে বিচারপ্রক্রিয়া এড়িয়ে কাউকে হত্যা করার অনুমতি সরকারেরও নেই।