চাচাতো ভাইবোন দুজন পৃথিবীতে এসেছিল একই দিন। আবার সবাইকে শোকের সাগরে ভাসিয়ে একসঙ্গে পানিতে ডুবে মারা গেছে দুজন। আজ সোমবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহ আল আরাফ ও মিফতাহুল জান্নাতের বয়স এক বছর আট মাস। আরাফ আবদুর রাজ্জাকের ছেলে আর জান্নাত আশরাফুল ইসলামের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আরাফ ও জান্নাত পরিবারের সদস্যদের অজান্তে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। দুপুরের দিকে বাড়ির পাশের ডোবার পানিতে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন।