রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেপ্তার যুবকের নাম আবুল হায়াদ ওরফে দীপু (৩২)। সোমবার বেলা তিনটার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ) নিয়াজ মেহেদী প্রথম আলোকে জানান, রমনা থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণের মামলার তদন্ত কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করেন। পরে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সহযোগিতায় রূপগঞ্জে যৌথ অভিযান চালিয়ে আবুল হায়াদকে গ্রেপ্তার করা হয়।